“ছাত্ররা ঘরে ফিরে যায়নি, জুলাই শেষ হয়নি”— হাসনাত আবদুল্লাহর হুশিয়ারি

Views: 119

ঢাকার মিটফোর্ড এলাকায় প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে পিটিয়ে ও পাথর ছুড়ে হত্যা নিয়ে দেশজুড়ে চলছে তীব্র প্রতিক্রিয়া। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন বিভিন্ন মহল।

এই প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ একটি প্রতিক্রিয়া জানিয়েছেন। শুক্রবার (১১ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “ছাত্ররা ঘরে ফিরে যায়নি। জুলাই শেষ হয়নি।”

এই মন্তব্যের মাধ্যমে তিনি চলমান ছাত্র আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

প্রসঙ্গত, গত বুধবার (৯ জুলাই) রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনের ব্যস্ত সড়কে ভাঙরি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯)-কে নৃশংসভাবে হত্যা করা হয়। প্রকাশ্য দিবালোকে এ ধরনের ভয়াবহ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মীর জড়িত থাকার অভিযোগ উঠেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, চাঁদাবাজিকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

ঘটনার পর যুবদল সংশ্লিষ্ট দুই নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

image_pdfimage_print

Posted on: July 12, 2025 | Author: Chandradip News