বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চাইবেন সাবেক ছাত্রদল নেতা হেমায়েত হোসেন সোহরাব। তিনি বর্তমান সরকারের বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের ভাই।
শনিবার (৫ জুলাই) হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ডা. খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মনোভাব প্রকাশ করেন।
যদিও হিজলা ও মেহেন্দিগঞ্জ বিএনপির রাজনীতিতে তার সরাসরি অংশগ্রহণ অতীতে দেখা যায়নি, তবে তিনি দাবি করেছেন যে, ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন এবং ১৯৮২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ছাত্রদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে ১৯৮৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত কৃষক দলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাহিত্য সম্পাদক এবং সর্বশেষ ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত পল্লবী থানা বিএনপির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
সোহরাব দাবি করেছেন, তার সুপারিশে হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে রয়েছে গুয়াবাড়িয়া ইউনিয়নে ‘শহীদ রিয়াজ লঞ্চ টার্মিনাল’, মৌলভীরহাট সংলগ্ন মেঘনা নদী খনন প্রকল্প এবং মেহেন্দিগঞ্জের সুলতানি খালে ভাঙন রোধে নয় কোটি টাকার প্রকল্প।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দলীয় মনোনয়ন পেলে হিজলা ও মেহেন্দিগঞ্জকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলবেন। দুই উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে এবং খুব শিগগিরই উপজেলা বিএনপির সদস্যপদ নেবেন বলে জানান। একই সঙ্গে তিনি সক্রিয়ভাবে এলাকায় রাজনীতিতে অংশ নেবার ঘোষণা দেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম





