দেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কার কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “ভোটার এবং রাজনৈতিক দলগুলো একটি স্থিতিশীল, সুশৃঙ্খল নির্বাচন চায়। যে নির্বাচন গ্রহণযোগ্য হবে এবং যার কৃতিত্ব সবাই নিতে চাইবে।”
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। সাক্ষাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।
নির্বাচনে রোডম্যাপ নিয়ে শঙ্কা আছে কিনা জানতে চাইলে আমীর খসরু বলেন, “না, শঙ্কার কোনো জায়গা নেই। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় ভোটার ও রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা হলো— একটি নিরপেক্ষ ও স্থিতিশীল নির্বাচন।”
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশে প্রায় সব বড় সংস্কারের উদ্যোক্তা বিএনপি। আমাদের ভিশন ২০৩০ থেকে শুরু করে ২৭ দফা, ৩১ দফা প্রস্তাব— সবকিছুই জাতীয় সরকারের মাধ্যমে বাস্তবায়নের পরিকল্পনার অংশ।”
আসন্ন নির্বাচনে অংশগ্রহণমূলক পরিবেশ প্রসঙ্গে আমীর খসরু বলেন, “গত কয়েকটি নির্বাচনে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বিশেষ করে যারা এখন ৩০ বছর বয়সের কাছাকাছি, তাদের অনেকেই জীবনে প্রথমবার ভোট দিতে মুখিয়ে আছে। আগামী নির্বাচনে ভোটারদের উপস্থিতি অনেক বেশি হবে বলে আমাদের বিশ্বাস।”
তিনি আরও বলেন, “একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, সেটি গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নেবে।”
অস্ট্রেলিয়ার সহযোগিতা প্রসঙ্গে সাবেক এই বাণিজ্যমন্ত্রী জানান, নির্বাচন নিয়ে অস্ট্রেলিয়া আগ্রহী। তারা নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করছে এবং চায় বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। এ ক্ষেত্রে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





