আজ শনিবার (২৮ জুন) বাংলাদেশের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন। ১৯৪০ সালের এই দিনে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
তার পিতা ছিলেন দুলা মিঞা সওদাগর এবং মাতা সুফিয়া খাতুন। স্ত্রী অধ্যাপক দিনা আফরোজ এবং তিনি দুই কন্যা সন্তানের জনক।
ছাত্রজীবন থেকেই মেধাবী হিসেবে পরিচিত ড. ইউনূস চট্টগ্রাম কলিজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৬৫ সালে ফুলব্রাইট স্কলারশিপে যুক্তরাষ্ট্রে যান এবং ১৯৭১ সালে ভান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
মুক্তিযুদ্ধ চলাকালে তিনি যুক্তরাষ্ট্রে থেকে বাংলাদেশের জন্য জনমত গঠনে ভূমিকা রাখেন এবং ‘বাংলাদেশ ইনফরমেশন সেন্টার’ পরিচালনা করেন।
স্বাধীনতার পর ১৯৭৪ সালের দুর্ভিক্ষে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে তার মাথায় আসে মাইক্রোক্রেডিট ধারণা। ১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে শুরু হয় পরীক্ষামূলক ‘গ্রামীণ ব্যাংক প্রকল্প’। এটি ১৯৮৩ সালে পূর্ণাঙ্গ গ্রামীণ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা পায়, যা বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে এক নতুন পথ দেখায়।
২০০৬ সালে ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন। এ ছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম, কংগ্রেশনাল গোল্ড মেডেল, বিশ্ব খাদ্য পুরস্কারসহ অগণিত আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হন।
সাম্প্রতিক সময়ের একটি বড় মাইলফলক হলো—২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের পর দেশের রাজনৈতিক পটপরিবর্তনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পান তিনি। ৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে তিনি এই পদে দায়িত্ব গ্রহণ করেন।
ড. ইউনূসের জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক, সামাজিক, শিক্ষাবিদ, তরুণ সমাজসহ নানা মহল থেকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানানো হচ্ছে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





