প্রশ্নফাঁস ঠেকাতে ১৫ আগস্ট পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ

Views: 81

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষাকে ঘিরে প্রশ্নফাঁস ও গুজব রোধে আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এ সিদ্ধান্ত জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ জুন (বুধবার) মধ্যরাত থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

সম্প্রতি শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় পরীক্ষাকে সুষ্ঠু ও নকলমুক্ত রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়।

তথ্য বিবরণীতে আরও বলা হয়:

  • প্রশ্নপত্র ফাঁস বা গুজব ছড়ানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
  • পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে মোবাইল ফোনসহ কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
  • পরীক্ষার দিন ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে।
  • বিলম্বে উপস্থিত হলে রেজিস্টারে নাম, রোল, সময় ও কারণ উল্লেখ করে বোর্ডকে জানাতে হবে।
  • প্রাকৃতিক দুর্যোগে পরীক্ষা বিলম্বিত হলে সময় সমন্বয় করে পূর্ণ সময় পরীক্ষার্থীদের দেওয়া হবে।
  • প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও দায়িত্বে থাকবে।

চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

image_pdfimage_print

Posted on: June 24, 2025 | Author: Chandradip News24