‘ইনশাল্লাহ্‌ ম্যাচ জেতা সম্ভব’ -আত্মবিশ্বাসী নাঈম

Views: 100

গল টেস্টের চতুর্থ দিন শেষে জমে উঠল লড়াই। প্রথম ইনিংসে ১০ রানের লিডের পর দ্বিতীয় ইনিংসে দায়িত্বশীল ব্যাটিংয়ে শক্ত অবস্থানে বাংলাদেশ। সব মিলিয়ে এখন শ্রীলঙ্কার চেয়ে ১৮৭ রানে এগিয়ে আছে টাইগাররা। উইকেটে অপরাজিত রয়েছেন দলের দুই অভিজ্ঞ ব্যাটার-নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম। ইতোমধ্যে শান্ত তুলে নিয়েছেন ফিফটি। শেষ দিনে শনিবার নাটকীয় কিছু ঘটলেও অবাক হওয়া যাবে না!

ম্যাচে বাংলাদেশের সম্ভাবনাময় এই অবস্থানের পেছনে বড় অবদান অফ স্পিনার নাঈম হাসানের। দেশের বাইরে প্রথমবার বল হাতে পেয়েই পাঁচ উইকেট নিয়ে যেন বাজিমাত করেছেন এই তরুণ। লাঞ্চের পর শ্রীলঙ্কার ইনিংস যখন জমে উঠছিল, তখন হঠাৎ করেই নাঈমের ঘূর্ণিতে ধসে পড়ে লঙ্কান ব্যাটিং লাইনআপ। থামে ৪৮৫ রানে, মাত্র ১০ রানের লিড এনে দেয় টাইগারদের।

আজ দিন শেষে সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী সুরে শোনা গেল নাঈমকে। ম্যাচ জেতার পরিকল্পনা নিয়েই বললেন, ‘লাস্ট দিনের উইকেট ক্র্যাক করছে। যত ভালো টোটাল দিতে পারি, তত ভালো। তাহলে ওরা চাপে থাকবে।’ তিনি মনে করেন, শেষ দিনে মানসিক চাপের গুরুত্ব অনেক বেশি, যেখানে বাংলাদেশ এগিয়ে থাকতে পারে।

ব্যাটিং পরিকল্পনা প্রসঙ্গে নাঈম বলেন, ‘মাঝে যারা ব্যাটিং করছে, তারাই সবচেয়ে ভালো বুঝতে পারছে উইকেট কেমন। শান্ত ভাই, মুশফিক ভাই খুব ভালো ব্যাট করছেন। সাদমান ভাইয়ের শুরুটাও ভালো ছিল। এটা ধরে রাখতে পারলেই ভালো হবে।’

গলে জয়ের আশা নিয়ে নাঈম বলেন, ‘নরমাল ক্রিকেট খেলা আর চাপে থাকা আলাদা ব্যাপার। চাপে থাকলে প্রতিপক্ষের ভুল করার সম্ভাবনা থাকে। আমরা ভালো একটা টোটাল দিতে পারলে ইনশাল্লাহ্‌ ম্যাচ জেতা সম্ভব।’

ক্যারিয়ারের উত্থান-পতন নিয়েও খোলামেলা কথা বলেন এই তরুণ স্পিনার। নিজের পারফরম্যান্স কিংবা সুযোগ পাওয়া নিয়ে আক্ষেপ নেই তার। বরং ভাগ্যে যা লেখা, তা-ই মেনে নিয়ে বলেন, ‘আনলাকি বলতে কিছু নাই। যেটা রিজিকে আছে, সেটা হবেই। আলহামদুলিল্লাহ্‌।’

দুই ম্যাচের টেস্ট সিরিজের এটি প্রথম ম্যাচ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৫ জুন, কলম্বোতে। গলেই যদি জয় ধরা দেয়, তবে সেটি হবে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের জন্য দারুণ এক সাফল্য!

image_pdfimage_print

Posted on: June 20, 2025 | Author: Chandradip News24