যৌথ সংবাদ সম্মেলন নিয়ে আপত্তি, তবে আলোচনায় ফিরেছে জামায়াত

Views: 14

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি ও সরকারের যৌথ সংবাদ সম্মেলন দেশের রাজনৈতিক ইতিহাসে একটি ‘বিরল’ ঘটনা এবং এতে অন্য সব রাজনৈতিক দল বিব্রত হয়েছে। তার দাবি, এই কারণেই জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় বৈঠকে জামায়াত অংশ নেয়নি।

বুধবার (১৮ জুন) ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের তৃতীয় বৈঠকের বিরতিতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তাহের বলেন, “কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরকারের যৌথ সংবাদ সম্মেলন ইতিহাসে বিরল। এটি দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্যও বিব্রকের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানেই জামায়াতে ইসলামীর আপত্তি ছিল।”

তিনি আরও জানান, গত মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টা জামায়াতের আমিরের সঙ্গে কথা বলেছেন। এরপর প্রধান উপদেষ্টা জামায়াতের অবস্থান বুঝতে চেয়েছেন বলে তারা মনে করেন। এ উপলব্ধির ভিত্তিতেই জামায়াত বুধবারের আলোচনায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়।

আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামী জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের পক্ষে মত দেয় বলে জানান তাহের। তার মতে, এ কাঠামোর মাধ্যমে রাষ্ট্রক্ষমতার ভারসাম্য রক্ষা সম্ভব হবে। তবে এনসিসির কাঠামো ও কার্যপরিধি নিয়ে ভিন্নমতও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “আমরা রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে এনসিসির আওতায় রাখার বিপক্ষে। একইভাবে, তিন বাহিনী প্রধানের নিয়োগও এই কমিটির আওতায় না রাখার পক্ষে জামায়াতে ইসলামী। তবে এ বিষয়গুলো নিয়ে আরও আলোচনা প্রয়োজন।”

তাহের বলেন, “আমরা কখনোই সরকারকে ব্যর্থ করতে চাই না। বরং আমরা চাচ্ছি, সরকারকে সহযোগিতা করতে—যাতে একটি কার্যকর রাজনৈতিক সমঝোতা গড়ে তোলা যায়।”

image_pdfimage_print

Posted on: June 18, 2025 | Author: Chandradip News