বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। বুধবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে জামায়াত আমির বলেন, “হযরত ইব্রাহিম (আ.), হযরত হাজেরা এবং তাদের পুত্র হযরত ইসমাইল (আ.) এর স্মৃতি বিজড়িত পবিত্র ঈদুল আজহা ত্যাগ ও কুরবানির অনন্য দৃষ্টান্ত। এই উৎসব আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আত্মত্যাগে উদ্বুদ্ধ করে। একইসঙ্গে এটি সমাজ থেকে বৈষম্য দূরীকরণ ও ইনসাফভিত্তিক একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠায় প্রেরণা জোগায়।”
তিনি বলেন, “ত্যাগ ও কুরবানির মানসিকতা নিয়ে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করতে হবে।”
বিবৃতিতে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। তার অভিযোগ, “যদিও দেশে ফ্যাসিবাদের পতন হয়েছে, তবু তা পুরোপুরি নির্মূল হয়নি। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা ফ্যাসিবাদী শক্তি এখনও দেশে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। এ পরিস্থিতির অবসানে সরকারকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।”
তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এসব অপতৎপরতার বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, “মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।”
বিবৃতির শেষাংশে ডা. শফিকুর রহমান বলেন, “ঈদুল আজহার মহান শিক্ষা অনুসরণ করে যদি আমরা আল্লাহর জমিনে তাঁর দ্বীন প্রতিষ্ঠায় জান-মাল কুরবানি করতে পারি, তাহলে তবেই আমাদের ত্যাগ সার্থক হবে। আমি দেশবাসীর সুখ-শান্তি, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করি এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানাই।”





