ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণাসহ সাত দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে শাখা সভাপতি এসএম ফরহাদ লিখিত বক্তব্য পাঠ করে সাতটি দাবি তুলে ধরেন। তিনটি প্রধান দাবি হলো:
- অবিলম্বে ডাকসুর রোডম্যাপ ঘোষণা করে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের অধিকার নিশ্চিত করা,
- ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণ,
- পূর্বের ন্যায় যান চলাচল ও বহিরাগতদের প্রবেশ সীমিত করা।
অন্য চারটি দাবি হলো:
- ক্যাম্পাস এলাকা থেকে ভবঘুরে ও অপ্রকৃতস্থদের উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা,
- পুরো ক্যাম্পাস ও প্রবেশপথগুলোতে সিসিটিভি স্থাপন,
- পাঁচটি প্রবেশপথে থাকা নিরাপত্তা বক্সগুলো দ্রুত সংস্কার ও প্রহরীর নিয়োগ,
- প্রয়োজন অনুযায়ী প্রক্টরিয়াল মোবাইল টিমের সদস্য সংখ্যা বাড়িয়ে নিয়মিত টহলের ব্যবস্থা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক কাজী আশিক, দাওয়াহ সম্পাদক মাজহারুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক মেফতাহুল হোসেন মারুফ।
সভাপতি এসএম ফরহাদ বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিচালিত এক জরিপে দেখা গেছে, প্রায় ৯৬ শতাংশ শিক্ষার্থী ডাকসু নির্বাচনের পক্ষে। অথচ প্রশাসন শিক্ষার্থীদের এ দাবি বাস্তবায়নে হতাশাজনকভাবে ধীরগতিতে অগ্রসর হচ্ছে।”
তিনি আরও বলেন, “গত বছরের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেছিলেন ২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন মে মাসের শেষ পর্যায়ে, কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। দ্রুত রোডম্যাপ ঘোষণা না হলে আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”





