মার্চের ২২ দিনে এল ২৪৩ কোটি ডলার

Views: 26

প্রবাসীদের ঈদকে সামনে রেখে রেমিট্যান্স পাঠানোর প্রবাহ বৃদ্ধি পেয়েছে। চলতি মার্চের ২২ দিনে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়েছে ২৪৩ কোটি ৭৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ হাজার ৯৮২ কোটি টাকা। প্রতিটি ডলার ১২৩ টাকার ভিত্তিতে এই হিসাব করা হয়েছে। দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ডলার বা এক হাজার ৩৬২ কোটি টাকা।

রবিবার (২৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, মার্চ মাসের প্রথম ২২ দিনে আসা রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫২ কোটি ৭৩ লাখ ৯০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১৯ কোটি ৯২ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭০ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার, এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৫ লাখ ৭০ হাজার ডলার।

এছাড়াও, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্সের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ মার্কিন ডলার, সেপ্টেম্বর ২৪০ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার, অক্টোবর ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বর ২১৯ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার, ডিসেম্বর ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার, জানুয়ারিতে ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার, এবং ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Posted on: March 23, 2025 | Author: Chandradip News24