খালেদা জিয়ার বাসায় ফেরার সম্ভাবনা

Views: 53

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে লন্ডনের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, বৃহস্পতিবার নতুন কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এসব পরীক্ষার রিপোর্ট শুক্রবার পাওয়া গেলে খালেদা জিয়ার হাসপাতাল থেকে ছুটি হতে পারে। এরপর তিনি বাসায় ফিরে নিয়মিত চিকিৎসা গ্রহণ করবেন।

চিকিৎসকদের মতে, খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বয়স এবং স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করেই ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ওষুধের মাধ্যমে চিকিৎসার যে পদ্ধতি চলছে, তাতে লন্ডনের দ্য ক্লিনিক ও যুক্তরাষ্ট্রের জন হপকিন্স মেডিকেল কলেজের চিকিৎসকরা একমত হয়েছেন।

গত ১৭ দিনে বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে। কয়েকটি রিপোর্ট এখনও পাওয়া যায়নি। কিছু পরীক্ষা লন্ডনের বাইরে করাতে হয়েছে। তবে বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটাই ভালো আছেন বলে জানান চিকিৎসক।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি খালেদা জিয়া লন্ডনে আসেন। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

তার সঙ্গে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: January 24, 2025 | Author: Chandradip News24