পটুয়াখালী প্রতিনিধি: দেশের তৃতীয় ও স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর পায়রার নিজস্ব জেটিতে প্রথমবারের মতো ভিড়েছে বিদেশি (মাদার ভেসেল) জাহাজ।
বুধবার দুপুরে বন্দরে নবনির্মিত জেটিতে পানামার পতাকাবাহী জেন নামের একটি বিদেশি জাহাজ নোঙর করেছে।
বন্দর সূত্র জানায়, দুবাইয়ের ফৌজিয়া বন্দর থেকে ৫০ হাজার ৫০০ টন লাইমস্টোন নিয়ে বাংলাদেশে আসে জাহাজটি। ইনার ও আউটার অ্যাঙ্করে লাইটারেজ করে বন্দরের জেটিতে ২৪ হাজার টন লাইমস্টোন নিয়ে নোঙর করে।
২০০ মিটার দীর্ঘ এ জাহাজটি পায়রা বন্দরের জেটিতে নোঙর করায় বন্দর কর্তৃপক্ষ ও জেটিতে কর্মরত শ্রমিকদের মধ্যে আনন্দে খুশি ছড়িয়ে পড়ে।
পায়রা বন্দের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান বলেন, পরীক্ষামূলক একটি জাহাজ বন্দরের জেটিতে অবস্থান নিয়েছে।
২০১৩ সালের ১৯ নভেম্বর পটুয়াখালীর কলাপাড়ার রামনাবাদ চ্যানেলে দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে পায়রার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।





