জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবে। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক ঘোষণায় এই তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে বলা হয়, “আগামীকাল (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। ইতিহাসের এই সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে।”
এর আগে গত বুধবার (৩০ জুলাই) নরসিংদী শহরের পৌরসভার সামনে আয়োজিত এক পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একই ঘোষণা দেন। তিনি বলেন, “৩ আগস্ট আমরা শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের দিকনির্দেশনা দেব। আপনারা আমাদের পাশে থাকলে সব দাবি আদায় করে ছাড়ব।”
এনসিপির নেতারা বলছেন, এই ইশতেহার হবে একটি রাজনৈতিক রূপরেখা, যা ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার কাঠামো, ন্যায়বিচার, অংশগ্রহণমূলক শাসন ও বৈষম্যহীন সমাজ গঠনের অঙ্গীকার বহন করবে।
ঘোষণার দিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মীদের শহীদ মিনারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী এই সময়ে এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ আগামী দিনের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হতে পারে।





