হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধে দুইপক্ষের তুমুল সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এই ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মান্দারকান্দি গ্রামের সামু ও আব্দুল হাই এবং মুহিত মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে কৃষি জমি ও এলাকা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। সোমবার বিকেলে উভয়পক্ষ নারী-পুরুষসহ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুই ঘণ্টা চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া বলেন, “পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ প্রচেষ্টায় ঘটনাস্থলে শিথিলতা ফেরানো সম্ভব হয়েছে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





