সরকার সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, “সরকার এবং নির্বাচন কমিশন—দুই পক্ষই সুষ্ঠু নির্বাচনের বিষয়ে বদ্ধপরিকর।”
শনিবার (১ নভেম্বর) সকালে পটুয়াখালীর কুয়াকাটায় কোডেক ট্রেনিং সেন্টারের সভাকক্ষে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, “বর্তমান নির্বাচনী আইন (আরপিও)-এ সংশোধন আনা হয়েছে। এখন থেকে রিটার্নিং কর্মকর্তারা চাইলে তাদের দায়িত্বপ্রাপ্ত আসনে ভোটগ্রহণ স্থগিত করার ক্ষমতা রাখবেন।” তিনি আরও বলেন, “কোনো ভয় নয়, দায়িত্বশীলতার সঙ্গে সঠিকভাবে দায়িত্ব পালন করুন।”
প্রসঙ্গত, কর্মশালাটি আয়োজন করে পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন অফিস। এতে জেলার আট উপজেলার নির্বাচন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা মিলিয়ে প্রায় ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-প্রধান মুহাম্মদ মোস্তফা হাসান।
কর্মশালায় বক্তারা আসন্ন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান।
আল-আমিন





