সাবমেরিন ক্যাবল ত্রুটিতে চারদিন ধরে বিদ্যুৎহীন মেহেন্দিগঞ্জ

Views: 43

সাবমেরিন ক্যাবলে ত্রুটির কারণে বরিশালের নদীবেষ্টিত মেহেন্দিগঞ্জ উপজেলা গত চারদিন ধরে অন্ধকারে ডুবে আছে। বিদ্যুৎ না থাকায় হাট-বাজার, অফিস-আদালত থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মোবাইল চার্জসহ জরুরি কাজে জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে স্থানীয়দের।

মেহেন্দিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ মফিজুল ইসলাম শুক্রবার দুপুরে জানান, উপজেলার দরিচর খাজুরিয়া ইউনিয়নের গজারিয়া নদীর তলদেশে থাকা সাবমেরিন ক্যাবল কেটে গেছে। ধারণা করা হচ্ছে, কোনো জাহাজ নোঙর ফেলায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, এ কারণে ১৬টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ইতোমধ্যে ডুবুরি নামিয়ে ত্রুটির স্থান শনাক্ত করা হয়েছে। শুক্রবার সকাল থেকে ভাসমান ক্রেন দিয়ে ক্ষতিগ্রস্ত তার তোলার কাজ শুরু হয়েছে। তা মেরামত হলে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা যাবে। তবে মেরামত সম্ভব না হলে নতুন তার প্রতিস্থাপন করতে হবে, সেক্ষেত্রে আরও ৩-৪ দিন সময় লাগতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৪ সালে মুলাদী হয়ে মেহেন্দিগঞ্জে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। কিন্তু এবার ক্যাবল ত্রুটির কারণে সন্ধ্যা নামলেই অন্ধকারে ঢেকে যাচ্ছে পুরো উপজেলা। ভুতুড়ে পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষ অতিজরুরি কাজে জেনারেটরের ওপর নির্ভর করছেন।

এদিকে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিকল্প বিদ্যুৎ না থাকায় রোগীরা বিশেষ করে রাতে চরম দুর্ভোগে পড়ছেন।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিয়াজুর রহমান জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সংযোগ পুনঃস্থাপনের আশ্বাস দেওয়া হয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: August 29, 2025 | Author: Chandradip News24