শ্রীলঙ্কা চাইছে বাংলাদেশের সাহায্যে সুপার ফোরে পৌঁছাতে

Views: 15

এশিয়া কাপের গ্রুপ পর্বের চূড়ান্ত রোমাঞ্চ আজ আবুধাবিতে। সুপার ফোরে কারা জায়গা পাবে তা নির্ভর করছে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের ওপর। যদিও বাংলাদেশ মাঠে নেই, তাদের ভাগ্য আজকের লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আছে।

শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, “আমরা জানি, বাংলাদেশের ভক্তরা আমাদের জয় দেখতে আগ্রহী। আমরাও ম্যাচটি জিততে চাই।” শানাকার মতে, প্রতিটি ম্যাচই দলের জন্য সমান গুরুত্বপূর্ণ। আফগানিস্তানকে হারিয়ে শুধু সুপার ফোর নিশ্চিত করা নয়, দলের অবস্থান আরও শক্তিশালী করতে চান তিনি। তবে সতর্ক করেছেন, “অফগানিস্তান একটি শক্তিশালী দল। তাদের হারানো আমাদের জন্য বড় অর্জন হবে।”

শানাকা বিশেষভাবে স্পিন আক্রমণকে ম্যাচের মূল চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, দুই দলের স্পিনারদের দ্বৈরথ এই ম্যাচের বড় আকর্ষণ হবে।

যদি শ্রীলঙ্কা ম্যাচ জেতে, বাংলাদেশ সহজেই সুপার ফোরে পৌঁছে যাবে। তখন লঙ্কানদের পয়েন্ট হবে ৬, বাংলাদেশের ৪ এবং আফগানিস্তানের ২। অন্যদিকে, আফগানিস্তান জয় পেলে বাংলাদেশকে নির্ভর করতে হবে জটিল রান রেটের হিসাবের ওপর। আফগানিস্তানের নেট রান রেট +২.১৫০, শ্রীলঙ্কার +১.৫৪৬ এবং বাংলাদেশের -০.২৭০। তাই আফগানদের অন্তত ৬৫–৭০ রানে বা ৫০ বল হাতে রেখে জয় পেতে হবে বাংলাদেশের উপরে টপকানোর জন্য।

আফগান অধিনায়ক রশিদ খান বলেছেন, ভুল থেকে শিক্ষা নেওয়া গুরুত্বপূর্ণ। মানসিক দৃঢ়তা থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে ইতিবাচক ফল সম্ভব। তাই আজকের লড়াই হবে সমান-সমান, বিশেষ করে স্পিনে।

দুই দল এ পর্যন্ত আটবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। শ্রীলঙ্কা জিতেছে পাঁচবার, আফগানিস্তান তিনবার। পরিসংখ্যান যেমন লঙ্কানদের এগিয়ে রাখে, তেমনি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরাও চাইছেন লঙ্কানরা জয়ী হোক। ম্যাচ শুরু হবে রাত ৮:৩০টায়।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: September 18, 2025 | Author: Chandradip News24