বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। তিনি বলেন, “হাসিনা মানবজাতির কলঙ্ক, মায়েদের কলঙ্ক। তার বিচার হবেই, এটাই আমাদের অঙ্গীকার।”
রবিবার (২০ জুলাই) রাজধানীর শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী কৃষকদল ও ‘আমরা বিএনপি পরিবার’।
কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল সম্প্রতি এক শহীদ মায়ের আহাজারির প্রসঙ্গ টেনে বলেন, “একজন মা তার সন্তান হারিয়েছেন নির্মমভাবে। তাকে গুলি করে হত্যা করা হয়েছে, ভ্যানে তুলে নিয়ে মরদেহসহ পুড়িয়ে ফেলা হয়েছে। একটি স্বাধীন দেশের পুলিশ-প্রশাসনের হাতে এ ধরনের পাশবিক ঘটনা ঘটেছে, যা জাতি হিসেবে আমাদের গভীরভাবে লজ্জিত করে।”
তিনি আরও বলেন, “আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, তারা স্বাধীন দেশে এমন বর্বরতা প্রত্যাশা করিনি। রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর টাকাও আসে জনগণের কর থেকে। অথচ সেই টাকায় পোষা বাহিনীই এখন জনগণের সন্তানের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে।”
শেখ হাসিনাকে উদ্দেশ করে ফখরুল বলেন, “এ ধরনের নিষ্ঠুরতা ও অমানবিকতার জন্য হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। আমাদের প্রথম কাজ হবে তাদের বিচার করা। দ্বিতীয় কাজ—শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন এবং আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা।”
তিনি জানান, জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের জন্য বিএনপি একটি ফান্ড গঠনের উদ্যোগ নিচ্ছে। “আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলব। যেন বিএনপির পক্ষ থেকে একটি পুনর্বাসন তহবিল গঠন করা যায়,” বলেন ফখরুল।
এ সময় তিনি জানান, ‘আমরা বিএনপি পরিবার’ ইতোমধ্যেই জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়িয়েছে।





