রংপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিভাগীয় কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, শুধুমাত্র শাস্তি দিয়ে দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এ জন্য দরকার জনসচেতনতা, পারস্পরিক আস্থা এবং সেবাদাতা-গ্রহীতাদের মধ্যে সুসম্পর্ক।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে রংপুর নগরীর আলমনগর স্টেশন রোডে ছয়তলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চেয়ারম্যান বলেন, “দুদক শুধু দোষীদের শাস্তি দিতে চায় না, বরং সেবা দাতা ও গ্রহীতার মধ্যে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সম্পর্ক তৈরি করতে চায়। এতে দুর্নীতি অনেকাংশে কমে যাবে।”
তিনি জানান, রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্বোধনের মাধ্যমে উত্তরাঞ্চলে দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও শক্তিশালী হবে। এতে এ অঞ্চলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই নতুন মাত্রা পাবে।
এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, “প্রধান উপদেষ্টা নিজেই দুর্নীতির ঘোর বিরোধী। তার উপদেষ্টা পরিষদের কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়লে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদক আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সংবাদ সমাজ থেকে দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে পারে।” একইসঙ্গে তিনি সংশ্লিষ্ট সবাইকে দুর্নীতি প্রতিরোধ ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) আক্তার হোসেন, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল ও দুদকের উপ-পরিচালক মো. শাওন মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ছয়তলা বিশিষ্ট এ ভবন নির্মাণে চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১৯ কোটি ১৩ লাখ ১২ হাজার টাকা।





