বরিশালের গৌরনদী উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষকদের নিয়ে শনিবার (১৩ সেপ্টেম্বর) একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। সভায় উঠে এসেছে, অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়।
বরিশাল শিক্ষা বোর্ডের পরিদর্শক অধ্যাপক মো. রফিকুল ইসলাম খান সভায় বলেন, একজন প্রধানশিক্ষককে নেতৃত্ব, সু-ব্যবস্থাপনা, শিক্ষার্থী ও শিক্ষক কেন্দ্রিক শিক্ষাদান পদ্ধতি, কার্যকর মূল্যায়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীর সমন্বয় নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, মাসিক সমাবেশ বা অন্যান্য বৈঠকের মাধ্যমে এই সমন্বয় বজায় রাখা অত্যন্ত জরুরি।
সভায় জানানো হয়, বিদ্যালয় কর্তৃপক্ষ মাসে একবার অভিভাবক সমাবেশ আয়োজন করলেও উপস্থিতি অত্যন্ত কম। পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণে শিক্ষকরা বাধ্য হন অভিভাবক ও রাজনৈতিক নেতাদের চাপের কারণে। এতে শিক্ষাবোর্ডের পরীক্ষায় ফলাফল বিপর্যয় দেখা দিয়েছে।
অধ্যাপক রফিকুল ইসলাম খান প্রধানশিক্ষকদের প্রতি আহ্বান জানান, কোনো অকৃতকার্য শিক্ষার্থীর ফরমপূরণে অনিয়ম করা থেকে বিরত থাকতে হবে। ষষ্ঠ শ্রেণী থেকেই শিক্ষার্থীদের মেধা ও শিক্ষার মান বৃদ্ধি নিশ্চিত করতে হবে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সচেতনতা বৃদ্ধি করা গেলে শিক্ষার মানোন্নয়ন সম্ভব হবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক প্রধানশিক্ষক সমিতির সভাপতি মো. মুজিবুর রহমান তালুকদার, অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম, প্রধানশিক্ষকরা মো. অলি উল্লাহ, মো. গোলাম আজম, মো. মানিক হোসেন, কাজী মো. আসাদুজ্জামান, শিক্ষাবোর্ডের লিগ্যাল অ্যাডভাইজার জাহিদুল ইসলাম পান্না, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা ও অন্যান্যরা। বক্তারা শিক্ষার মানোন্নয়নে করণীয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





