পূর্বঘোষিত সমাবেশ শহীদ মিনারের পরিবর্তে শাহবাগ মোড়ে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে ধন্যবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বুধবার (৩০ জুলাই) এক ফেসবুক পোস্টে এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সারজিস আলম বলেন, “আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে পূর্বঘোষিত সমাবেশের স্থান পরিবর্তন করায় বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”
তিনি আরও লেখেন, “আমরা বিশ্বাস করি, পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের মধ্য দিয়েই ভবিষ্যতের বাংলাদেশে জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্রের উত্তরণ ঘটবে।”
এনসিপির পক্ষ থেকে এই প্রতিক্রিয়া আসলো এমন সময়ে, যখন চলমান রাজনৈতিক পরিবেশে বিভিন্ন দল সমঝোতার মাধ্যমে সহাবস্থানের দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা করছে। ছাত্রদলের ৩ আগস্টের সমাবেশ শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে স্থানান্তরের সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে বিভিন্ন রাজনৈতিক মহল।





