বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-৫ (সদর) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই দেশে প্রথম গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
রহমাতুল্লাহ বলেন, “১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পর জনগণের মূল আকাঙ্ক্ষা ভঙ্গ করেছিলেন শেখ মুজিব। কিন্তু রাষ্ট্রক্ষমতায় এসে জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।”
তিনি আরও বলেন, গণমাধ্যম ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়। গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে রাষ্ট্র কখনোই গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে না।
সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে তিনি বলেন, “এটি ছিল প্রশ্নবিদ্ধ নির্বাচন। অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম নির্বাচন হয়েও তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেনি। ফলে জাতীয় নির্বাচন নিয়ে জনগণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।”
তিনি জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে সব রাজনৈতিক দলকে নিয়ে ঐকমত্যের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অন্যথায় গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেন।
দলের মনোনয়ন প্রসঙ্গে রহমাতুল্লাহ বলেন, “দল যাকে মনোনয়ন দেবে, বিএনপি ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই কাজ করবে।”
মতবিনিময় সভায় বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সহ-সভাপতি জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, কমল সেন গুপ্ত, সাইফুর রহমান মিরনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





