রোহিঙ্গা ও আশ্রয়দাতাদের সহায়তায় ৫৮ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি

Views: 41

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী ও তাদের আশ্রয়দাতা কক্সবাজারের স্থানীয়দের জন্য ৫৮.৬ মিলিয়ন ডলারের অনুদান এবং ২৮.১ মিলিয়ন ডলারের স্বল্পসুদে ঋণ প্রদান করবে। এই অর্থ মৌলিক অবকাঠামো ও জরুরি সেবা সম্প্রসারণে ব্যবহার হবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কার্যালয়ে চুক্তি স্বাক্ষর করেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং।

এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেন, “মিয়ানমারের বাস্তুচ্যুত ও তাদের আশ্রয়দাতা স্থানীয়দের স্থিতিশীলতা ও জীবিকা নির্বাহের সুযোগ জোরদারে বাংলাদেশকে সহায়তা করতে পেরে আমরা আনন্দিত। শরণার্থী শিবিরের বাসিন্দা ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সামাজিক সংহতি বৃদ্ধি করা হবে।”

প্রকল্পের আওতায় কক্সবাজার ও ভাসানচর এলাকায় পানি, স্যানিটেশন, স্বাস্থ্য, সড়ক-সেতু, ড্রেনেজ ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ এবং দুর্যোগ সহনশীলতা উন্নত ও সম্প্রসারিত করা হবে।

বিশেষ উদ্যোগের মধ্যে রয়েছে,

  • কক্সবাজারে সোলার-পাওয়ারড স্ট্রিটলাইট স্থাপন/প্রতিস্থাপন
  • ভাসানচরে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পুনঃস্থাপন
  • রান্নার জন্য বায়োগ্যাস উৎপাদন সম্প্রসারণ
  • ক্ষুদ্র পাইপযুক্ত পানি সরবরাহ ব্যবস্থা কক্সবাজার ও ৯টি উপজেলায় চালু
  • হাতিয়ায় বহুমুখী সাইক্লোন শেল্টার নির্মাণ
  • পালংখালী ও উখিয়ায় ভূ-পৃষ্ঠস্থ পানি শোধনাগার নির্মাণ

বর্তমানে কক্সবাজারের ৩৩টি শিবিরে ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গা বাস করছে, যাদের মধ্যে প্রায় ৭৫ শতাংশ নারী ও শিশু। ভাসানচর শিবিরে ৩৬ হাজারের বেশি রোহিঙ্গা স্বেচ্ছায় স্থানান্তরিত হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে রোহিঙ্গা শিবির ও আশ্রয়দাতা স্থানীয়দের জন্য সামাজিক, স্বাস্থ্যসেবা ও জীবনধারণ সুবিধা বৃদ্ধি পাবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: September 29, 2025 | Author: Chandradip News24