রাঙ্গাবালীতে গাছ থেকে পড়ে কাঠুরের মৃত্যু

Views: 42

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গাছ থেকে পড়ে এক কাঠুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের হরিদ্রাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম জুলহাস ফরাজী (৩৭)। তিনি একই গ্রামের মৃত নুরু ফরাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে জুলহাস ফরাজী চুক্তিভিত্তিকভাবে স্থানীয় এক বাড়ি থেকে একটি বড় চাম্বুল গাছ কিনেছিলেন। সকালে গাছটির ডালপালা ছাঁটতে তিনি গাছে ওঠেন। কাজ করার একপর্যায়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুলহাস ফরাজীকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, নিহত জুলহাস ফরাজী পরিশ্রমী একজন মানুষ ছিলেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। হঠাৎ এ দুর্ঘটনায় পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানিয়েছেন, জীবিকার প্রয়োজনে ঝুঁকি নিয়ে কাজ করতেন জুলহাস, কিন্তু এমন মৃত্যু কেউ ভাবেনি।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: October 17, 2025 | Author: Chandradip News24