রাজধানীবাসীর জনপ্রিয় ও পরিবেশবান্ধব গণপরিবহন মেট্রোরেল সেবার ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির মেয়াদ আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন একটি প্রজ্ঞাপন জারি করেছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমীন শেখ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জনস্বার্থ বিবেচনায় এবং মেট্রোরেলকে আরও জনপ্রিয় ও সহজলভ্য করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশবান্ধব ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা হিসেবে মেট্রোরেলকে উৎসাহিত করতে সরকার এর আগে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ভ্যাট অব্যাহতি দিয়েছিল। পরবর্তীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে বিদ্যমান অব্যাহতি আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় গত ২৩ ডিসেম্বর নতুন প্রজ্ঞাপন জারি করে ভ্যাট অব্যাহতির মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল পরিষেবা চালু হয় উত্তরা থেকে আগারগাঁও রুটে। পরবর্তীতে ধাপে ধাপে এর কার্যক্রম সম্প্রসারিত হয়ে বর্তমানে মতিঝিল পর্যন্ত চলাচল করছে মেট্রোরেল। প্রতিদিন হাজারো যাত্রী দ্রুত ও স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য এই সেবা গ্রহণ করছেন।
মেট্রোরেলে কোনো শ্রেণিভেদ বা আলাদা ক্লাস ব্যবস্থা নেই। সকল যাত্রী একই ভাড়ায় নির্ধারিত গন্তব্যে যাতায়াত করতে পারেন, যা এটিকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। ভ্যাট অব্যাহতি বহাল থাকায় মেট্রোরেলের ভাড়া তুলনামূলকভাবে সহনীয় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের মতে, ভ্যাট অব্যাহতি বাড়ানোর ফলে গণপরিবহনে মানুষের আগ্রহ বাড়বে, যানজট কমবে এবং পরিবেশ দূষণ হ্রাসে ইতিবাচক ভূমিকা রাখবে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





