পটুয়াখালীর মির্জাগঞ্জে মাদকবিরোধী অভিযানে মা ও ছেলেসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২৬ পুরিয়া গাঁজা (১৯৫ গ্রাম) এবং গাঁজা বিক্রির নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের উত্তর সুবিদখালী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন— মোছা. হেলেনা বেগম (৫০), তার ছেলে মো. সাগর মৃধা (৩৫), সাগরের স্ত্রী তানিয়া আক্তার (২৫) এবং মাধবখালী ইউনিয়নের বাজিতা দ্বিতীয় খণ্ড গ্রামের মো. ইসমাইল (১৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার রাতের অভিযানে বসতঘর তল্লাশি করে ২৬ পুরিয়া গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
মির্জাগঞ্জ থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





