টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আসছে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্দা উঠবে মহাদেশীয় এই আসরের। ঘোষিত বাংলাদেশের স্কোয়াডে জায়গা হয়নি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের।
ব্যক্তিগত কারণে আগেই নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন মিরাজ। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার সেই ছুটি অলিখিতভাবে দীর্ঘায়িত হয়ে এশিয়া কাপেও তার অংশগ্রহণে বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে তাকে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে, ফলে প্রয়োজনে ডাক পেলে দলে যুক্ত হওয়ার সুযোগ থাকবে তার সামনে।
বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, মিরাজ টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে দলের অমূল্য সম্পদ হলেও টি-টোয়েন্টিতে তার জায়গা সীমিত হয়ে আসছে। তিনি বলেন, “এশিয়া কাপে ১৭ জনের স্কোয়াড হলে মিরাজ অবশ্যই থাকত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাকে বাইরে রাখতে হয়েছে।”
প্রায় দুই বছর পর স্পিন অলরাউন্ডার হিসেবে এশিয়া কাপে দলে ফিরেছেন সাইফ হাসান। এছাড়া শেখ মেহেদী হাসানের ধারাবাহিক পারফরম্যান্সও মিরাজের জায়গা সংকুচিত করেছে। গত এক বছরে সমান সংখ্যক ম্যাচ খেলেছেন এবং বাইরে থেকেছেন মিরাজ, যা নির্বাচকদের ভাবনায় প্রভাব ফেলেছে।
তবে লিপু জোর দিয়ে বলেন, দলের সংকট দেখা দিলে মিরাজ অবশ্যই ফিরবেন। তার ভাষায়, “প্রথম একাদশে যদি আমরা সিরিয়াস সংকটে পড়ি, অবশ্যই মিরাজকে নেব এবং সেও আসবে। টেস্ট ও ওয়ানডে সংস্করণে তার ভূমিকা আমাদের জন্য অপরিসীম।”





