রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১২ জুলাই) বিকেলে গুলশানের হোটেল লেকশোরে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
“অপরাধীদের আড়াল করলে জাতি ক্ষমা করবে না” — ফখরুল
বিএনপি মহাসচিব বলেন, “সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, অতিদ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করুন এবং আইনের আওতায় আনুন। অন্যথায় জাতি ক্ষমা করবে না। তারা মনে রাখবে, গণতন্ত্র ফিরিয়ে আনার সময় আপনি এসব সমস্যার জন্ম দিয়েছেন।”
“বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি”
মির্জা ফখরুল দাবি করেন, “বিএনপি কখনো অন্যায়কে সমর্থন করেনি, ভবিষ্যতেও করবে না। আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়ের পক্ষে ছিল এবং থাকবে।”
তিনি বলেন, “গণতন্ত্রের জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে। কেউ যেন উত্তেজনায় বা প্রতিশোধে অন্যায় না করে।”
“গণতন্ত্র না থাকায় দেশে বিশৃঙ্খলা বাড়ছে”
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, “নির্বাচন না থাকায় দেশজুড়ে বিশৃঙ্খলা, অপরাধ ও মৃত্যুর ঘটনা বাড়ছে। দুবৃর্ত্তরা সুযোগ নিচ্ছে কারণ তাদের পেছনে জনগণের সমর্থন নেই।”
তিনি মনে করেন, একটি নির্বাচিত সরকারই পারে আইনশৃঙ্খলা ও রাষ্ট্রীয় ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা করতে।
গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়
মির্জা ফখরুল বলেন, “আমরা বিশ্বাস করি, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে পারব।”
তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় গেলে ‘জুলাই-আগস্ট অভ্যুত্থানে’ শহীদ হওয়া ছাত্রদল নেতাকর্মীদের যথাযথ সম্মান দেওয়া হবে। শহীদদের আত্মত্যাগের স্মরণে একটি পুস্তক প্রকাশের আহ্বানও জানান তিনি।
শহীদদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শহীদ ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থারও দাবি জানান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ শহীদ পরিবারের সদস্যরা।





