মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ের জানাজার প্রস্তুতি

Views: 17

চন্দ্রদ্বীপ নিউজ :জন্মিলে মরিতে হবে এটাই নিয়ম । কিন্তু যে মৃত্যু সারাদেশ কে নাড়া দেয় মানুষকে আবেগতাড়িত করে এমন মৃত্যু কতো জন পায়,দেশ আজ তেমনি এক মহিয়সীকে বিদায় জানাতে সমবেত হবে মানিক মিয়া অ্যাভিনিউতে যেখানে বাদ জোহর অনুষ্ঠিত হবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ।

প্রধান উপদেষ্টার দপ্তরের এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, বুধবার জানাজার সময় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার বদলে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে খালেদা জিয়ার মরদেহবাহী কফিন রাখা হবে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়ার প্রতি সর্বস্তরের মানুষ যাতে নির্বিঘ্নে সম্মান জানাতে পারেন এবং তাঁর জানাজায় অংশ নিতে পারেন সে জন্য যাবতীয় প্রস্তুতি শেষ করছে নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সব দপ্তর। মানিক মিয়া অ্যাভিনিউয়ের চারপাশের সড়কগুলোতেও যেন সাধারণ মানুষ অবস্থান করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানাজার পর বেলা সাড়ে তিনটার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। এ সময় খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত এবং বিএনপি মনোনীত রাজনীতিকেরা উপস্থিত থাকবেন।

খালেদা জিয়ার দাফন নির্বিঘ্নে শেষ করার জন্য জিয়া উদ্যানে নির্ধারিত ব্যক্তিদের ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। দাফন শেষ না হওয়া পর্যন্ত সেখানে জনসাধারণের চলাচল সীমিত রাখা হবে।

image_pdfimage_print

Posted on: December 31, 2025 | Author: motiulislam