পটুয়াখালীর মহিপুরে অবৈধ ট্রলবোটের সরঞ্জাম অপসারণ ও সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মহিপুর বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে জেলা মৎস্য অধিদপ্তর ও ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ। বরিশাল মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আলফাজ উদ্দীন শেখ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. আবু নাইম মুহাম্মদ আবদুর ছবুর, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন ইমাম হাসান আজাদ, পটুয়াখালী স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) জুয়েল রানা, জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।
বক্তারা বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা ও মাছের প্রজনন বৃদ্ধির জন্য অবৈধ ট্রলবোট চলাচল বন্ধ করতে হবে। তা না হলে ক্রমশ কমে যাবে মাছের সংখ্যা, ক্ষতিগ্রস্ত হবে সামুদ্রিক জীববৈচিত্র্য, এবং বেকার হয়ে পড়বে হাজার হাজার জেলে পরিবার। পাশাপাশি সরকারের কোটি কোটি টাকার রাজস্ব হারানোর ঝুঁকি তৈরি হবে।
এ সময় সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জেলে, মৎস্যজীবী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জেলেদের স্বেচ্ছায় অবৈধ সরঞ্জাম অপসারণের আহ্বান জানান এবং টেকসই মৎস্য আহরণের মাধ্যমে সমুদ্র সম্পদ রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





