ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও ২ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনার পর ঘাতক ট্রাকচালক পলাতক রয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
নিহতরা হলেন –
- লালমোহন উপজেলার ভেদুরিয়া গ্রামের মো. মিজান (তাহেরের ছেলে),
- মো. রিয়াজ উদ্দিন (বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি),
- লালমোহন পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের আজমির আমিন (২০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি ভোলার লালমোহন উপজেলা থেকে যাত্রী নিয়ে ভোলা সদর অভিমুখে যাচ্ছিল। বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বাজার সংলগ্ন মাদ্রাসার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
ঘটনার ফলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজিতে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আরও তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
পুলিশ এখন ঘাতক ট্রাকচালককে খুঁজছে এবং আহতদের চিকিৎসা ও তদন্ত কার্যক্রম তৎপরভাবে চালানো হচ্ছে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫





