ভোলায় বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক অভিযানে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকালে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলার একটি বিশেষ টিম সকাল ৬টার দিকে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
আটক ব্যক্তির নাম মো. শুভ, তিনি সদর উপজেলার আমানত পাড়া এলাকার বাসিন্দা। আটককৃত ব্যক্তিকে জব্দকৃত মাদকসহ আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে কোস্ট গার্ড জানিয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে কোস্ট গার্ড নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান আরও জোরদার করা হবে।”
মাদকবিরোধী এই ধারাবাহিক অভিযান স্থানীয়দের মধ্যে স্বস্তি এনে দিয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





