ভিপি নূরের নির্বাচনী আসনে বিএনপি নেতা মামুনের মনোনয়নপত্র সংগ্রহ

Views: 23

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে রাজনৈতিক তৎপরতা নতুন করে আলোচনায় এসেছে। এই আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের প্রার্থিতা ঘোষণার পর এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে গলাচিপা উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা।

এর আগে একই আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর দলীয় প্রতীক ‘ট্রাক’ নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। বিএনপি ও গণঅধিকার পরিষদের মধ্যে সীমিত আসনভিত্তিক সমঝোতার ঘোষণার পরদিনই বিএনপির এক কেন্দ্রীয় নেতার মনোনয়নপত্র সংগ্রহ করাকে কেন্দ্র করে স্থানীয় ও জাতীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

যদিও বিএনপি আনুষ্ঠানিকভাবে এখনো পটুয়াখালী-৩ আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করেনি, তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাসান মামুনের পক্ষে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের তৎপরতা চোখে পড়ার মতো। দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে তার পক্ষে সাংগঠনিক প্রস্তুতিও শুরু হয়েছে।

গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বলেন, ভিপি নূর নিজেই জানিয়েছেন যে তিনি দু-একটি আসনের জন্য সমঝোতায় যাবেন না। সে প্রেক্ষাপটে আমরা এই আসনে হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছি এবং নির্বাচন করার সিদ্ধান্তে অটল আছি।

গলাচিপা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত সকল বিধি-বিধান ও নির্দেশনা প্রার্থীর প্রতিনিধিদের জানিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সব প্রার্থীর ক্ষেত্রে সমানভাবে আইন প্রয়োগ করা হবে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি ও গণঅধিকার পরিষদের মধ্যে দুইটি আসনে সমঝোতা হয়েছে বলে জানা গেছে। বৈঠক সূত্র অনুযায়ী, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নূর এবং ঝিনাইদহ-২ আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান নির্বাচনে অংশ নেবেন। নির্বাচনী বিধি অনুসারে তারা নিজ নিজ দলের প্রতীক ‘ট্রাক’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এই পরিস্থিতিতে পটুয়াখালী-৩ আসনে একাধিক প্রভাবশালী প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: December 22, 2025 | Author: Chandradip News24