এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের পর অবশেষে ভার্চুয়ালি সভায় অংশ নিচ্ছে ভারত। এ বিষয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সবসময়ই ভালো ছিল এবং এখনো ভালো রয়েছে।
ঢাকায় আয়োজিত এসিসির এই গুরুত্বপূর্ণ সভাকে ঘিরে গেল সপ্তাহজুড়ে নানা জল্পনা-কল্পনার জন্ম হয়। ভারত ভেন্যু পরিবর্তনের দাবিতে সভা বয়কটের হুমকি দিয়েছিল। এমনকি তাদের সঙ্গে আফগানিস্তান ও শ্রীলঙ্কারও সভা বর্জনের গুঞ্জন উঠেছিল। তবে শেষ মুহূর্তে নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। জানা যায়, ভারত সভায় ভার্চুয়ালি যোগ দেবে।
এদিকে, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রতিনিধিরা ইতোমধ্যেই ঢাকায় পৌঁছেছেন। শ্রীলঙ্কা ও নেপাল অনলাইনে সভায় অংশ নেবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।
বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বুলবুল বলেন, “আমরা বাংলাদেশে এসিসির মিটিং আয়োজন করছি। আয়োজক হিসেবে সবাইকে রাজি করাতে পেরেছি, ক্রিকেটের স্বার্থেই সবাই অংশ নিচ্ছে। যারা আসতে পারছে না, তারা অনলাইনে যুক্ত হবে।”
ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক নিয়ে বুলবুল বলেন, “বিসিসিআইয়ের সঙ্গে আমাদের সম্পর্ক সবসময় ভালো ছিল, এখনও ভালো আছে। সিরিজ স্থগিত হলেও দুই বোর্ড আলোচনার মাধ্যমে সময় নির্ধারণ করেছে। গতকাল এবং আজ বিসিসিআইয়ের সঙ্গে আমার সরাসরি যোগাযোগ হয়েছে। সম্পর্ক আগের মতোই বিদ্যমান থাকবে।”
আগামী ২৪ ও ২৫ জুলাই অনুষ্ঠিতব্য এই সভায় আসন্ন এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। টুর্নামেন্টে ছয়টি দল অংশ নিলেও পাকিস্তান আয়োজক দেশ ভারত সফরে অনাগ্রহী। এ কারণে এখনো এশিয়া কাপের সূচি বা ভেন্যু চূড়ান্ত হয়নি।
এসিসির এই বৈঠকে সব জটিলতা নিরসনের পথ খুঁজে পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।





