রাজধানীর মিটফোর্ড এলাকায় এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। শুক্রবার (১১ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সাদিক কায়েম লিখেছেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার মাধ্যমে মানুষ হত্যা করে এবং লাশের ওপর নৃত্য করে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ। বিএনপিও কি এখন সেই একই পথে—‘লাশতন্ত্র’-এর ওপর দাঁড়িয়ে ক্ষমতার স্বপ্ন দেখছে?”
তিনি বলেন, “গোটা জাতি আরেকটি ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ড প্রত্যক্ষ করল। শুধুমাত্র চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকর্মীরা প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে হত্যা করেছে—এটি মর্মান্তিক ও দুঃখজনক। এর মাধ্যমে সমগ্র দেশবাসী চরম আতঙ্কে নিমজ্জিত।”
সাদিক কায়েম আরও বলেন, “রাজনীতির এই পথচলায় আমাদের জন্য পথ খুলে দিয়েছেন জুলাইয়ের সহস্রাধিক শহীদ। এমন নৃশংস হত্যাকাণ্ডে আবু সাঈদ, ওয়াসীম, মুগ্ধ, শান্ত, আলী রায়হানদের আত্মা কি কেঁপে উঠবে না?”
মিটফোর্ডের ঘটনায় দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ প্রতিক্রিয়া জানাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা। এরই মধ্যে বিএনপির ভূমিকা ও যুবদল নেতাকর্মীদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন শিবিরের শীর্ষ এই নেতা।





