বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন বিএনপির এক ওয়ার্ড পর্যায়ের নেতার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
২১ আগস্ট দেহেরগতি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, ইউনিয়ন বিএনপির আওতাধীন ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেনকে সাময়িকভাবে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসাথে কেন তাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে আগামী তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
যদিও নোটিশে কোনো নির্দিষ্ট অভিযোগ উল্লেখ করা হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্র জানায়—গত ২০ আগস্ট খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রমে অনিয়মের অভিযোগ ওঠে। দায়িত্বপ্রাপ্ত ডিলার ও স্থানীয় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম নাকি ৩০ কেজির চালের স্থলে ১ কেজি করে কম দেওয়ার নির্দেশ দেন। এ সময় মোক্তার হোসেনের নাম উঠে আসে।
একজন নারী উপকারভোগী এ বিষয়ে প্রতিবাদ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ক্ষুব্ধ ওই নারী মোক্তার হোসেনকে জুতা দিয়ে আঘাত করেন। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং গণমাধ্যমে প্রকাশিত হলে ইউনিয়ন বিএনপির ভেতরে ক্ষোভ দেখা দেয়।
পরে দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে মোক্তার হোসেনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত মোক্তার হোসেন বলেন, “আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। চাল বিতরণের ঝামেলাকে কেন্দ্র করেই আমাকে এই পদ স্থগিতের নোটিশ দেওয়া হয়েছে।”
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





