বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে রবিবার (১৪ সেপ্টেম্বর) সাধারণ শিক্ষার্থীরা বাকসু নির্বাচন পুনঃআয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলটি সকাল সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে প্রাঙ্গণ প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সমাবেশে শেষ হয়। শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে শ্লোগান দেন।
শিক্ষার্থীরা জানান, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে চলমান আলোচনার প্রেক্ষাপটে বিএম কলেজেও দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। দীর্ঘদিন ধরে নির্বাচন বন্ধ থাকায় সাধারণ শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে তারা অভিযোগ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্র সংসদ শুধু রাজনীতি নয়; এটি শিক্ষার্থীদের সমস্যা সমাধান, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং নেতৃত্ব বিকাশের অন্যতম প্ল্যাটফর্ম। তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলনে নামবেন। খুব দ্রুত কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দেওয়া হবে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. কামরুল ইসলাম, মো. সাব্বির হোসেন সোহাগ, ছাত্র অধিকার পরিষদের শাকিল আহমেদ, ছাত্র শিবিরের নেতা মো. তরিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের নেতা হান্নান উদ্দিন শাকিলসহ অন্যান্যরা।
সমাবেশে বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





