নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করলেও শেষ ম্যাচে বড় ব্যবধানে হারে লিটন দাসের দল। তবে পাকিস্তানের এই একমাত্র জয় ‘বাংলাদেশের দয়া’ বলেই দাবি করেছেন দেশটির সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল।
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় আকমল বলেন, “তৃতীয় টি-টোয়েন্টি পাকিস্তান জিতেছে, কিন্তু সেটা বাংলাদেশের সুযোগ দেওয়ার কারণেই। প্রথম দুই ম্যাচে যেভাবে খেলেছে বাংলাদেশ, তাতে মনে হচ্ছিল হোয়াইটওয়াশ নিশ্চিত। কিন্তু শেষ ম্যাচে ওরা (বাংলাদেশ) একাদশ ঘুরিয়ে নতুনদের সুযোগ দিয়েছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ যদি শাহিবজাদা ফারহানকে খেলাতে বাধ্য করত, তাহলে পাকিস্তান এতটা সুবিধা পেত না। ওরা লেফট-রাইট কম্বিনেশনের কথা ভেবেই স্পিনারদের আক্রমণ করেছে। অথচ পাকিস্তান দল নির্বাচনে কোনো কৌশলের ছাপই ছিল না।”
বাংলাদেশের রোটেশন নীতিকে ‘অসম্মানজনক’ বলেও মনে করেন এই সাবেক তারকা। তার ভাষায়, “বাংলাদেশ যেভাবে পুরো সিরিজে দল ঘুরিয়ে-ফিরিয়ে খেলিয়েছে, সেটা লজ্জাজনক। তারা কিন্তু আয়ারল্যান্ড বা নেদারল্যান্ডসের বিপক্ষে নয়, পাকিস্তানের বিপক্ষেই এমনটা করেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়া একটা দলের সঙ্গে এমন আচরণ! এটুকুই বলব, আর কিছু বলার দরকার নেই।”
এছাড়া দ্বিতীয় টি-টোয়েন্টির পর তাসকিন আহমেদকে বিশ্রামে পাঠানোর সিদ্ধান্ত নিয়েও তীব্র সমালোচনা করেন কামরান। তার মতে, “তাদের সেরা বোলারকে বসিয়ে দিয়ে বাংলাদেশ বোঝাতে চেয়েছে, পাকিস্তান তাদের জন্য কোনো হুমকি নয়।”
উল্লেখ্য, সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ ১১০ ও ১৩৩ রান করে যথাক্রমে পাকিস্তানকে ১০৮ ও ১২৫ রানে গুটিয়ে দেয়। তবে শেষ ম্যাচে একাদশে পরিবর্তন এনে বাংলাদেশ হেরে যায় বড় ব্যবধানে। সিরিজের ফলাফল শেষে বাংলাদেশের জয় এবং পাকিস্তানের খেলায় ঘাটতি নিয়ে পাকিস্তানি গণমাধ্যম ও সাবেক ক্রিকেটারদের সমালোচনা অব্যাহত রয়েছে।





