বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম চার বছরের জন্য পূর্ণাঙ্গ উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগ নিশ্চিত করা হয়।
এর আগে গত ১৩ মে তাকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন ভিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং ১৫ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী তাকে চার বছরের জন্য পূর্ণাঙ্গ উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো। এই সময়ে তিনি মূল পদমর্যাদার সমপরিমাণ বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা ভোগ করবেন।
ড. তৌফিক আলম বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
প্রসঙ্গত, গত বছরের ২৩ সেপ্টেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভিসি হিসেবে অধ্যাপক ড. শুচিতা শরমিন নিয়োগপ্রাপ্ত ছিলেন। তবে শিক্ষার্থীদের টানা ২৯ দিনের আন্দোলনের কারণে চলতি বছরের মে মাসে তিনি পদচ্যুত হন। একই সঙ্গে উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মামুনুর রশীদকেও অপসারণ করা হয়।
অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেওয়ার পর থেকে অধ্যাপক ড. তৌফিক আলম শিক্ষার্থীদের সঙ্গে ইতিবাচক যোগাযোগ, সমস্যা সমাধান এবং মানবিক আচরণের কারণে প্রশংসিত হয়েছেন। গত ৫ সেপ্টেম্বর তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশনের মঞ্চে রাত যাপন করে তিনি ব্যাপক সাড়া পান।
পূর্ণাঙ্গ ভিসি হিসেবে নিয়োগ পাওয়ার পর শিক্ষক ও শিক্ষার্থীরা আশা করছেন, তার নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা ও উন্নয়ন আরও সুদৃঢ় হবে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫





