বরিশাল বিভাগে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, হাসপাতালগুলোতে শয্যা সংকট

Views: 102

বরিশাল বিভাগে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। গত এক মাসের বেশি সময় ধরে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে, কিন্তু স্বাস্থ্যসেবা অবকাঠামো সেই তুলনায় অপ্রস্তুতই থেকে গেছে। শয্যার সংকট, টেস্ট সুবিধার অভাব ও চিকিৎসাসেবার সীমাবদ্ধতায় ভুগছে রোগী ও স্বজনরা।

শনিবার (২৮ জুন) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪১ জন। এর মধ্যে ৬৮ জনই বরগুনা জেলার। এ নিয়ে বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪৪৬ জন। এর মধ্যে বরগুনা জেলাতেই আক্রান্ত ২ হাজার ৭০০ জন, যা পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করে তুলেছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এখানে এক শিশুর মৃত্যু হয়েছে, যা চলতি মৌসুমে মৃত্যুর সংখ্যা ৫ জনে পৌঁছেছে। রোগীদের অভিযোগ, এখনো ডেঙ্গু টেস্ট করাতে হচ্ছে বাইরে থেকে, যদিও স্যালাইন সরবরাহ কিছুটা স্বাভাবিক। হাসপাতালজুড়ে শয্যা সংকট এতটাই প্রকট, যে অনেক রোগী মেঝে, করিডর ও সিঁড়ির পাশে চিকিৎসা নিচ্ছেন।

বরগুনা জেলা হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ১৫৪ জন রোগী। নতুন ভর্তি ৭৬ জনমোট আক্রান্ত ২৮৫৫ জন। হাসপাতালের সাধারণ ওয়ার্ডে আর জায়গা নেই। অনেকে চিকিৎসা নিচ্ছেন নিজ নিজ বাড়িতে, অবস্থার অবনতি হলে গন্তব্য বরিশাল বা ঢাকা।

পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ২৪ জন নতুন আক্রান্ত। মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বাধিক আক্রান্ত, সেখানে ২৮ জন ভর্তি। তবে জেলার কোথাও পৃথক ডেঙ্গু ওয়ার্ড নেই। চিকিৎসা দেওয়া হচ্ছে মেডিসিন ও শিশু ওয়ার্ডে। এ পর্যন্ত ৫৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

  • বরিশাল সদর হাসপাতালে নতুন ভর্তি: ১০ জন
  • পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে: ১৬ জন
  • ভোলা: ৩ জন
  • পিরোজপুর: ৯ জন
  • ঝালকাঠি: নতুন কেউ ভর্তি হয়নি

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৪৫৪ জন রোগী চিকিৎসাধীন। তারা স্বীকার করেছে, অব্যবস্থাপনা এবং চিকিৎসা সুবিধার ঘাটতির কারণে রোগীদের ভোগান্তি বাড়ছে।

ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সময়মতো ডায়াগনোসিস ও চিকিৎসা নিশ্চিত না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা। এখনই পৃথক ডেঙ্গু ওয়ার্ড স্থাপন, পর্যাপ্ত বেড ও মেডিকেল সরঞ্জাম সরবরাহ, এবং টেস্ট সুবিধা বিনামূল্যে নিশ্চিত করার দাবি উঠেছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫

 

image_pdfimage_print

Posted on: June 29, 2025 | Author: Chandradip News24