বরিশাল, ব্যুরো চীফ: পুলিশ নির্যাতনের অভিযোগ তুলে বরিশালের এশিয়ান টিভির ব্যুরো প্রধান সাংবাদিক ফিরোজ মোস্তফা বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তিনি শরীরে কাফনের কাপড় জড়িয়ে ও হাতে বিষের বোতল নিয়ে এই কর্মসূচি চালান।
ফিরোজ মোস্তফা দাবি করেন, কোতোয়ালি মডেল থানার এএসআই সাইদুল ইসলাম সাঈদ ও আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির কনস্টেবল নাভিদ আনজুম গত ছয় মাস ধরে তাকে জুলুম, নির্যাতন ও ব্ল্যাকমেইলের শিকার করছেন। অভিযুক্তরা তার ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করে ছবি নেয়ার পর ব্ল্যাকমেইল শুরু করে এবং নভেম্বর মাসে তাকে মারধর করে তিনদিন আটক রাখে।
তিনি আরও জানান, ৮ ডিসেম্বর তাদের অফিসে হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ মালামাল নেয়ার পাশাপাশি তার ব্যক্তিগত ডিভাইস ও অফিসের যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। মোবাইল, ল্যাপটপ, পাসপোর্ট, এনআইডি ও রেডিও লাইসেন্সসহ গুরুত্বপূর্ণ মালামাল এখনও ফেরত পাননি। সোশ্যাল মিডিয়ার সব আইডি অভিযুক্তরা ব্যবহার করছেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন-উল ইসলাম সাংবাদিকের অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শেষ পর্যন্ত, পুলিশের কর্মকর্তা ও সাংবাদিক নেতাদের হস্তক্ষেপে বেলা একটার দিকে ফিরোজ মোস্তফা তার কর্মসূচি প্রত্যাহার করেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





