বরিশালে শিশু ধর্ষণে বিএনপি নেতার যাবজ্জীবন

Views: 20

বরিশাল সদর উপজেলায় ১৩ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা রাসেল শরীফকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান।

দণ্ডপ্রাপ্ত রাসেল শরীফ (৩৫) বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের বাসিন্দা ও আলী শরীফের ছেলে। তিনি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের বিএনপির সক্রিয় নেতা হিসেবে পরিচিত।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৭ নভেম্বর সকালে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের একটি গ্রামে ওই শিশুটিকে তার নিজ বসতঘরের পাশের খোলা জায়গায় ধর্ষণ করেন রাসেল শরীফ। ঘটনার সময় ভুক্তভোগীর বয়স ছিল মাত্র ১৩ বছর এবং আসামি রাসেলের বয়স ছিল ২৫।

ঘটনার পর সাহসিকতার সঙ্গে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে রাসেল শরীফের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। মামলা গ্রহণের পর তদন্ত করে বরিশাল বন্দর থানার তৎকালীন সাব-ইন্সপেক্টর ২০১৬ সালের ১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত। সকল সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনার পর বিচারক রাসেল শরীফের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

এই রায় সমাজে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে শক্ত বার্তা দিচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এটি বিচার বিভাগের ন্যায়বিচারের প্রতীক এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫

image_pdfimage_print

Posted on: July 23, 2025 | Author: Chandradip News24