বরিশালে নারী মাদকসেবীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি

Views: 36

বরিশালে ভয়াবহ হারে বাড়ছে নারী মাদকসেবীর সংখ্যা। মাদকের করুণ পরিণতিতে অনেক নারী বর্তমানে নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন। বরিশাল নগরীসহ জেলার প্রতিটি উপজেলায় মাদকের বিস্তার জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

নগরীর কেডিসি, পলাশপুর, রসুলপুর সরকারি কলোনিসহ শহরের অর্ধশতাধিক স্থানে প্রতিদিন অবাধে চলছে মাদক বেচাকেনা। এর ফলে সেবনকারীর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে মাদক সংশ্লিষ্ট অপরাধ। সম্প্রতি কয়েকদিনের ব্যবধানে বরিশাল সদর, উজিরপুর, বাকেরগঞ্জ ও গৌরনদীতে মাদক সংক্রান্ত বিরোধ ও সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটেছে, যা পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করছে।

মাদক থেকে মুক্তি পেতে বেসরকারি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন আলেয়া বেগম জানান, “মাদক আমার সংসার, সন্তান—সব কিছু ধ্বংস করে দিয়েছে। এখন স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি।” তিনি বলেন, তরুণ-তরুণীদের মাদক থেকে রক্ষা করতে হলে অভিভাবকদের শুরু থেকেই সতর্ক হতে হবে।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, ইয়াবা, গাঁজা, হেরোইন, প্যাথেডিন, ফেনসিডিলসহ সব ধরনের মাদকের অবাধ বিক্রি বরিশালের নগরজীবনের নীরব বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। এই প্রবণতা শহর ছাড়িয়ে উপজেলার গ্রামাঞ্চল পর্যন্ত বিস্তৃত।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন সম্প্রতি পৃথক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাধিক মাদক বিক্রেতা ও সেবনকারীকে সাজা প্রদান করেছেন। তবে বাস্তব চিত্রে মাদকের বিস্তার থামছে না, বরং তা আরও ভয়াবহ রূপ নিচ্ছে।

নিউ লাইফ মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান মর্তুজা জুয়েল জানান, গত এক বছরে শুধু তাদের কেন্দ্রে দেড় শতাধিক নারী চিকিৎসা নিয়েছেন। তার মতে, মাঝে মধ্যে হওয়া মাদকবিরোধী অভিযান অনেক সময় লোকদেখানো মনে হয়।

অভিযোগ রয়েছে, কিছু প্রভাবশালী ব্যক্তি এবং মাদক দমন কর্মকাণ্ডে জড়িত কিছু সদস্য মাদক চক্রের সাথে সম্পৃক্ত। ফলে ছোটখাটো ব্যবসায়ী ও সেবনকারীরা ধরা পড়লেও মূল গডফাদাররা রয়ে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক পরিতোষ কুমার কুন্ডু বলেন, “আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি এবং ক্রেতা-বিক্রেতা গ্রেপ্তার করছি। তবে আইনের ফাঁক গলে তারা দ্রুত জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে।” বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: August 8, 2025 | Author: Chandradip News24