বরিশালের মুলাদী উপজেলায় ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি এক সমাবেশে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা সভাপতি মো. আকবর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাবেক জেলা সভাপতি সানাউল্লাহ সাজিদ এবং বর্তমান জেলা সেক্রেটারি সাইয়্যেদ আহমেদ। এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দও সমাবেশে বক্তব্য রাখেন।
প্রধান অতিথি মো. আকবর হোসেন বলেন, “আমরা স্পষ্ট ভাষায় মুলাদীতে ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শিক্ষাঙ্গনে যদি সন্ত্রাসী কার্যক্রম চলতে থাকে, ছাত্রসমাজ তাদের সঙ্গে মোকাবিলা করবে।”
তিনি আরও বলেন, “শান্তিপূর্ণ মুলাদীকে যারা অশান্ত করতে চায়, ছাত্রসমাজ তাদেরকে বয়কট করবে। ছাত্রশিবিরের ইতিবাচক কার্যক্রমকে সহ্য করতে না পেরেই এই হামলা চালানো হয়েছে। দায় চাপানোর রাজনীতি বন্ধ করতে হবে।”
ছাত্রদলের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “যদি আপনারা কোনো কর্মসূচি না রাখেন, আমাদের কাছে আসুন, আমরা আপনাদের কর্মসূচি দেব। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করুন। অন্যথায় ছাত্রলীগের মতো করুণ পরিণতি ভোগ করতে হবে। শিক্ষাঙ্গনে সন্ত্রাসী রাজনীতি পরিহার করে একটি সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে।”
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





