বরিশালে অবৈধ কারেন্ট জালসহ চক্রের সদস্য আটক

Views: 36

বরিশালের হিজলা উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল চক্রের এক সদস্যকে আটক করেছে প্রশাসন। তার কাছ থেকে প্রায় ৩৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বড় জালিয়া ইউনিয়নের খুন্না বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ল্যাগেজ ভর্তি কারেন্ট জাল পরিবহনের সময় যাত্রীবেশে থাকা সাইদুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার সোমেদ রাড়ীর ছেলে। আটক সাইদুলকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে যাত্রী সেজে ল্যাগেজ ভর্তি করে অবৈধ জাল নিয়ে এসে স্থানীয়ভাবে বিক্রি করছিল। অভিযানের মাধ্যমে ওই চক্রের প্রথম সদস্যকে আটক করা সম্ভব হয়েছে। খুব শিগগিরই চক্রের অন্যান্যদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

এর আগে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম ও কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান চালানো হয়। ওই অভিযানে ২৬টি চায়না দুয়ারী জাল, ৬০টি চরঘেরা জাল, ছয় শতাধিক চরঘেরা জালের খুঁটি, ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং একটি ট্রলার জব্দ করা হয়।

পরে জব্দকৃত জাল ও খুঁটি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। জব্দ হওয়া ট্রলারটি নিলামে বিক্রির প্রক্রিয়া চলছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: September 16, 2025 | Author: Chandradip News24