বরিশালের এনসিএল কোচ হলেন মোহাম্মদ আশরাফুল

Views: 29

বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আসন্ন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশাল বিভাগের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।

আকরাম খান জানান, “আশরাফুল নিজেই কোচ হতে আগ্রহ প্রকাশ করেছে। বরিশালের হয়ে দুই বছর খেলেছে সে, তাই আমরা তাকে কোচ হিসেবে নিয়েছি।”

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিং পেশায় যুক্ত হন আশরাফুল। এর আগেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের সাথে কাজ করেছেন তিনি।

আকরাম বলেন, “সাবেক খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটে কাজ করার সুযোগ দিতে চাই আমরা। সেলিম, রোকন, আফতাবদের সাথেও আলোচনা চলছে। তাদের অভিজ্ঞতা তরুণ ক্রিকেটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

এছাড়া আঞ্চলিক ক্রিকেট উন্নয়নেও বিসিবি কাজ করছে বলে জানান আকরাম। তিনি বলেন, “চট্টগ্রামে প্রথমবারের মতো আঞ্চলিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছি ২৭ আগস্ট থেকে। চট্টগ্রাম বিভাগে মোট ১১টি জেলা রয়েছে। এখান থেকে ভালো মানের ২-৩ জন খেলোয়াড় পেলেই তারা চট্টগ্রাম বিভাগের হয়ে খেলতে পারবে।”

এই উদ্যোগকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করেন তিনি।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: August 2, 2025 | Author: Chandradip News24