জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তরুণদের সচেতনতা ও নেতৃত্ব বিকাশে বরগুনায় অনুষ্ঠিত হলো ‘আঞ্চলিক ইয়ুথ কপ ২০২৫’ সম্মেলন। শনিবার (২ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে বরগুনা ও আশপাশের বিভিন্ন এলাকার শতাধিক তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করেন।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড এর সহযোগিতায় এবং ব্রাইটার্স, গ্রীনপিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি, দুর্বার ইয়ুথ নেটওয়ার্ক ও সোনার বাংলা ইয়ুথ ক্লাব এর যৌথ আয়োজনে সম্মেলনে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও সুপারিশ প্রণয়নের নানা পর্ব অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন:
-
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক গৌতম চন্দ্র দে
-
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রানা
-
বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ
-
সিবিডিপির প্রধান নির্বাহী জাকির হোসেন মিরাজ
-
সংগ্রামের প্রধান নির্বাহী চৌধুরী মুনির হোসেন
সভাপতিত্ব করেন গ্রীনপিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি খাইরুল ইসলাম মুন্না এবং সঞ্চালনায় ছিলেন ইয়ুথ ক্লাইমেট অ্যাক্টিভিস্ট ইফতার ইমা।
আলোচনায় বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সবচেয়ে বেশি পড়ে প্রান্তিক জনগোষ্ঠীর ওপর, বিশেষ করে নারী, শিশু ও তরুণদের ওপর। অথচ নীতিনির্ধারণী আলোচনায় তাদের অংশগ্রহণ এখনও সীমিত। ‘ইয়ুথ কপ ২০২৫’ সেই সীমাবদ্ধতা ভাঙার এক সাহসী উদ্যোগ।”
দুর্বার ইয়ুথ নেটওয়ার্কের সভাপতি ইবরার হোসেন নিঝুম বলেন, “সম্মেলনের লক্ষ্য ছিল বরগুনার তরুণদের মধ্যে জলবায়ু-সচেতনতা বাড়িয়ে নেতৃত্বে যুক্ত করা এবং নীতিনির্ধারকদের সঙ্গে তাদের কার্যকর সংযোগ গড়ে তোলা।”
ফুলঝুড়ি ইউনিয়নের অংশগ্রহণকারী রিয়াদুল ইসলাম বলেন, “প্রতিবছর বর্ষায় আমাদের ঘর-বাড়ি তলিয়ে যায়, পড়ালেখা বন্ধ হয়ে যায়, অথচ আমাদের কণ্ঠ নীতিনির্ধারকদের কানে পৌঁছায় না। আজকের এই সম্মেলন আমাদের সেই সুযোগ তৈরি করেছে।”
সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, মহিউদ্দিন অপু, ফটো সাংবাদিক আরিফুল মুরাদসহ অনেকেই বক্তব্যে তরুণদের মতামতকে জলবায়ু নীতিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
সম্মেলনের প্রস্তুতি হিসেবে বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ৯টি ফোকাস গ্রুপ আলোচনা (FGD) ও ৪টি কী-ইনফরম্যান্ট ইন্টারভিউ (KII) অনুষ্ঠিত হয়। স্থানীয় তরুণদের বাস্তব অভিজ্ঞতা, অভিযোজন কৌশল এবং নেতৃত্বের অভিপ্রায় এসব আলোচনায় উঠে আসে।
সম্মেলনের শেষ অংশে তরুণ প্রতিনিধিরা অঙ্গীকার করেন—
জলবায়ুবান্ধব জীবনযাপন গ্রহণ, সচেতনতা ছড়িয়ে দেওয়া, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং আন্তর্জাতিক জলবায়ু নীতিতে তরুণদের কণ্ঠস্বর জোরালো করা।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





