বরগুনা জেলায় রাস্তার পাশে অবাধে পেট্রোল ও অকটেন বিক্রি সাধারণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। চলতি মাসের ১১ নভেম্বর সরকার পেট্রোল বিক্রির উপর প্রজ্ঞাপন জারি করলেও জেলা সদর ও উপজেলাগুলোর প্রায় ৪ শতাধিক দোকানে তা কার্যকর হচ্ছে না।
স্থানীয়রা জানান, রাস্তার ধারে, বাসস্ট্যান্ড, ফেরিঘাট ও জনবহুল বাজারে পানির বোতল, ভোজ্যতেলের বোতল, প্লাস্টিকের গ্যালন বা রাসায়নিক পাত্রে দাহ্য জ্বালানি রাখা হয়। ফায়ার সার্ভিসের নিরাপত্তা নির্দেশনা স্পষ্টভাবে লঙ্ঘন করা হচ্ছে।
সদর উপজেলার বিপুল চন্দ্র, আমতলী উপজেলার পারভেজ হোসেন ও তালতলী উপজেলার শাহীন সাইরাজ জানান, প্রশাসনের কর্মকর্তারা প্রতিদিন এসব দোকানের পাশ দিয়ে যাচ্ছেন। কিন্তু প্রজ্ঞাপন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
স্থানীয়রা আরও জানান, জুলাই মাসে স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগসহ বিভিন্ন সড়ক ও ফেরিঘাটে দাহ্য জ্বালানি ব্যবহার করে নাশকতার ঘটনা ঘটেছে। এতে জেলার সাধারণ মানুষের নিরাপত্তা মারাত্মকভাবে বিপন্ন।
রাস্তার পাশে থাকা একাধিক পেট্রোল বিক্রেতা স্বীকার করেছেন, তারা প্রজ্ঞাপনের বিষয়ে জানেন, কিন্তু ক্রেতাদের চাহিদা মেটাতে বিক্রি বন্ধ করতে পারছেন না। তালতলী উপজেলার ব্রিজঘাট এলাকার হারুন ফরাজি জানান, মাঝে মাঝে প্রশাসন কিছুটা তৎপর হলেও কোনো আইনগত ব্যবস্থা নেই।
বরগুনার শিক্ষক, আইনজীবী ও সচেতন নাগরিকরা বলেন, প্রশাসনের কার্যক্রমের অভাবের কারণে অনুমোদনবিহীন দোকানগুলোতে পেট্রোল বিক্রি চলতে থাকলে বড় ধরনের অগ্নি দুর্ঘটনা বা নাশকতা ঘটতে পারে।
বরগুনার নবাগত জেলা প্রশাসক তাছলিমা আক্তার জানিয়েছেন, প্রজ্ঞাপন বাস্তবায়নের বিষয়ে শনিবার সন্ধ্যা ও রোববার সমন্বয় সভায় দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে। পাশাপাশি রাস্তার পাশে পেট্রোল ও অকটেন বিক্রেতাদের নিরুৎসাহিত করার কার্যক্রম শুরু হবে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫





