উৎসবমুখর পরিবেশের মধ্যে বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন জেলা ও মহানগরের নেতাকর্মীরা। দিনটি ঘিরে সকাল থেকেই কর্মসূচির মধ্যে ছিল পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা ও সমাবেশ।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয় থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্ত্বরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম মণি বলেন, “বাংলাদেশের মাটিতে আর কোনো ষড়যন্ত্র হতে দেব না। আগামী নির্বাচন হবে কেবল তারেক রহমানের নেতৃত্বে। বরগুনার দুটি আসনের জনগণ বিএনপির নেতৃত্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। শুধু বরগুনা নয়, পুরো দেশ এখন তাকিয়ে আছে তারেক রহমানের দিকে।”
তিনি আরও বলেন, সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশে আর কোনো অবস্থাতেই স্বৈরাচার প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। সকল ষড়যন্ত্রের মোকাবিলা করে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সাবেক সহ-সভাপতি ফজলুল হক মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক কে. এম. সফিকুজ্জামান মাহফুজ, হুমায়ূন হাসান শাহীন, অ্যাডভোকেট মো. রেজবুল কবিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
দীর্ঘ দেড় যুগ পর অনুকূল রাজনৈতিক পরিবেশে উদযাপনে নেতাকর্মীদের মধ্যে ছিল উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





