ফেসবুকে চাকরির প্রলোভন দেখিয়ে নতুন এক ধরনের প্রতারণার ফাঁদ পেতেছে সাইবার অপরাধীরা। ভুয়া চাকরির বিজ্ঞাপন ব্যবহার করে তারা ব্যবহারকারীদের ফেসবুক লগইন তথ্য হাতিয়ে নিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা সাবলাইম সিকিউরিটি।
সাম্প্রতিক এক প্রতিবেদনে হ্যাকরেড জানায়, প্রতারকরা এখন কেএফসি, রেড বুল ও ফেরারির মতো নামকরা আন্তর্জাতিক ব্র্যান্ডের নামে চাকরির বিজ্ঞাপন ছড়াচ্ছে। এসব বিজ্ঞাপন দেখতে আসল চাকরির বিজ্ঞাপনের মতো হলেও, বাস্তবে এগুলো সম্পূর্ণ ফিশিং ফাঁদ।
প্রথমে ভুক্তভোগীদের ইমেইল বা মেসেজের মাধ্যমে ভুয়া চাকরির প্রস্তাব পাঠানো হয়। ইমেইলে এমন ভাষা ব্যবহার করা হয় যা অনেক সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে তৈরি। সেখানে একটি লিংক দেওয়া থাকে, যেখানে ক্লিক করলে ব্যবহারকারীকে নিয়ে যাওয়া হয় নকল নিরাপত্তা যাচাই পেজে। পরে সেটি রিডিরেক্ট করে এমন ওয়েবসাইটে পাঠানো হয় যা দেখতে চাকরির আসল প্ল্যাটফর্মের মতোই।
এই ওয়েবসাইটে প্রবেশের পর ব্যবহারকারীকে বলা হয় ফেসবুক বা ইমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে। ফেসবুক লগইন অপশন বেছে নিলে দেখা যায় একটি লোডিং বার চলছে, কিন্তু শেষ হয় না কখনোই। এই সময়েই প্রতারকরা গোপনে ব্যবহারকারীর ইউজারনেম ও পাসওয়ার্ড সংগ্রহ করে নেয়।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রতারণা চেনার সহজ উপায় হলো—
অচেনা ইমেইল ঠিকানা থেকে আসা বার্তা, অস্বাভাবিক ওয়েবসাইট লিংক, এবং অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে নাম বা ঠিকানায় অমিল। বিশেষ করে চাকরির বিজ্ঞাপনে দেওয়া লিংক যাচাই না করে লগইন করা থেকে বিরত থাকা উচিত।
এর আগেও মাইক্রোসফট ৩৬৫ ও গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের লক্ষ্য করে একই কৌশলে প্রতারণা চালানো হয়েছিল। সেখানে গুগলের নামে ভুয়া চাকরির বিজ্ঞাপন দিয়ে তথ্য হাতিয়ে নেওয়া হয়।
বিশেষজ্ঞরা সবাইকে পরামর্শ দিয়েছেন—অচেনা ইমেইল বা লিংক থেকে প্রাপ্ত চাকরির বিজ্ঞাপন সরাসরি বিশ্বাস না করে প্রথমে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে যাচাই করা উচিত। এছাড়া টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখলে অ্যাকাউন্ট অনেক বেশি নিরাপদ থাকবে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





